জামায়াতের নেতাকর্মীদের বিক্ষোভ
কটিয়াদী উপজেলার গচিহাটা বাজারে জামায়াতের নেতাকর্মীদের বিক্ষোভ। নয়া দিগন্ত

বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সেনা কর্মকর্তা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের গ্রেফতারের প্রতিবাদে কিশোরগঞ্জের কটিয়াদীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সহশ্রাম-ধুলদিয়া ইউনিয়নের গচিহাটা বাজারে স্থানীয় জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করেন।

বিক্ষোভ মিছিলটি গচিহাটা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সেখানে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সহশ্রাম-ধুলদিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা আবু হানিফের সভাপতিত্বে এবং উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক কামরুজ্জামান শাহর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন গচিহাটা বাজার বণিক সমিতির সভাপতি জিয়া উদ্দিন জীবন, ব্যবসায়ী মো. মানিক মিয়া, সহশ্রাম-ধুলদিয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আব্দুর রহমান আরজু, মুফতি সফিউল্লাহসহ স্থানীয় নেতাকর্মীরা।

বক্তারা আখতারুজ্জামান রঞ্জনের গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে তার নিঃশর্ত মুক্তির দাবি করেন।

এর আগে শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার বাসা থেকে আখতারুজ্জামান রঞ্জনকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) হেফাজতে নেয় বলে স্থানীয় জামায়াত নেতাকর্মীরা জানান।

তার গ্রেফতারের খবর কটিয়াদীতে ছড়িয়ে পড়লে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে প্রতিক্রিয়া দেখা দেয়। এরই প্রতিবাদে রাতে গচিহাটা বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়।