চোরাইপণ্য, জব্দ, বিজিবি
চোরাচালানবিরোধী অভিযানে জব্দ মালামাল। নয়া দিগন্ত

সিলেট সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ১৮ লাখ টাকার ভারতীয় চোরাইপণ্য জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি। 

Advertisement

শুক্রবার (২ অক্টোবর) সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: নাজমুল হক এর সত্যতা নিশ্চিত করেন। 

বিজিবি সূত্র জানায়, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে ৪৮ বিজিবির দায়িত্বাধীন বিছনাকান্দি, পান্থুমাই, তামাবিল, উৎমা, প্রতাপপুর, বাংলাবাজার ও সংগ্রাম বিওপির সদস্যরা পৃথক অভিযান পরিচালনা করেন। অভিযানে ভারতীয় কম্বল, জিরা, ফল, কসমেটিক্স, চকলেট, বিস্কুট, সুপারি, সনপাপড়ি, কিসমিস ও জুসসহ বিভিন্ন চোরাইপণ্য জব্দ করা হয়। জব্দ চোরাইপণ্যের আনুমানিক মূল্য ১৮ লাখ ২১ হাজার ৯৮৫ টাকা।

অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক জানান, সীমান্তে সার্বিক নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাইপণ্য জব্দ করা সম্ভব হয়েছে। জব্দ পণ্যের বিষয়ে আইন ও প্রচলিত বিধি মোতাবেক পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার বিষয়টি প্রক্রিয়াধীন।