
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে কথা-কাটাকাটির জেরে মধু (৬০) নামে এক ভ্রাম্যমাণ ফল বিক্রেতাকে হত্যার অভিযোগ উঠেছে এক সবজি বিক্রেতার বিরুদ্ধে।
শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় কার্পাসডাঙ্গার মুচির বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মধু কার্পাসডাঙ্গা ইউনিয়নের আরামডাঙ্গা গ্রামের মরহুম সিরাজ আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মুচির বটতলা এলাকায় ভ্যানে করে ফল বিক্রি করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে ফুটপাতে দোকান বসানোসহ তুচ্ছ একটি বিষয় নিয়ে মধুর সাথে এক সবজি বিক্রেতার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বিষয়টি হাতাহাতিতে গড়ায়। তখন ওই সবজি বিক্রেতা কদবেল ফুটো করার কাজে ব্যবহৃত একটি ধারালো লোহার শিক দিয়ে মধুর বুকে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
পরে স্থানীয়রা দ্রুত মধুকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা: শামসুজ্জোহা তাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসকের ভাষ্য অনুযায়ী, ধারালো শিকের আঘাতে মধুর বুকের ভেতরের প্রধান শিরা কেটে যায়। এতে অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ফুটপাতে ফল ও সবজি বিক্রেতার মধ্যে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।
_GDN_970x90px_English.gif&w=2048&q=75)








