
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, ‘যুবসমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করতে হলে তাদের মাঠমুখী করতে হবে। খেলাধুলার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখার পাশাপাশি মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখা সম্ভব।’
শুক্রবার (২ অক্টোবর) বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়ার মনোহারা এলাকায় আয়োজিত মাওলানা রফিকুল ইসলাম খান প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রফিকুল ইসলাম খান বলেন, ‘আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে আজ মাদক প্রবেশ করেছে। মাদক এখন একটি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। এই ভয়াবহ ব্যাধি থেকে জাতিকে রক্ষা করতে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
তিনি বলেন, ‘যারা মাদক কারবারের সাথে জড়িত, তারা দেশ ও জাতির শত্রু। তাদের চিহ্নিত করে সামাজিকভাবে বয়কট করার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিতে হবে। মাদক নির্মূলে শুধু আইন প্রয়োগ নয়; পরিবার, সমাজ ও বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’
সহকারী সেক্রেটারি জেনারেল বলেন, ‘বর্তমান সময়ে তরুণ ও যুবসমাজকে বিভিন্ন ধরনের অপরাধ ও মাদকাসক্তি থেকে দূরে রাখতে তাদের খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত করা জরুরি। নিয়মিত খেলাধুলা মানুষের শরীর ও মন দুটোকেই সুস্থ রাখে। মাঠে খেলাধুলার পরিবেশ যতো বেশি সম্প্রসারিত হবে, তরুণদের সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার সুযোগও ততো বাড়বে।’
তিনি আরো বলেন, ‘ফুটবল বিদেশী খেলা হলেও এটি এখন বাংলাদেশের মানুষের সংস্কৃতির অংশ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে গ্রামবাংলায় ফুটবল ঘিরে মানুষের যে আবেগ ও আগ্রহ রয়েছে, তা অত্যন্ত গভীর। মনোহারা ফুটবল টুর্নামেন্টে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি এরই একটি উজ্জ্বল উদাহরণ।’
ফুটবল টুর্নামেন্টে বিশেষ অতিথি ছিলেন উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমির ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলী, উপজেলা জামায়াতের সেক্রেটারি মো: খাইরুল ইসলাম, উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি আলাউদ্দিন আল আজাদ, উপজেলা জামায়াতের অফিস সম্পাদক মো: আব্দুল বারী, উপজেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক আশরাফুল আলম মুত্তালিবসহ স্থানীয় জামায়াতের নেতা ও গণ্যমান্য ব্যক্তিরা।
_GDN_970x90px_English.gif&w=2048&q=75)








