কথা বলছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক
কথা বলছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। নয়া দিগন্ত

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, ‘দেশের প্রতিটি উপজেলায় খেলাধুলার সুযোগ ও মানোন্নয়নে একটি করে স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। এরই অংশ হিসেবে ঢাকার ধামরাই উপজেলাতেও একটি স্টেডিয়াম নির্মাণ করা হবে।’

Advertisement

তিনি বলেন, ‘একইসাথে প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরির উদ্যোগ নেয়া হয়েছে।’

শুক্রবার (২ অক্টোবর) বিকেলে ঢাকার ধামরাইয়ে আরাফাত রহমান কোকোর স্মরণে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা জেলা পরিষদের প্রশাসক ইয়াছিন ফেরদৌস মুরাদ। ম্যাচের উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন। অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য তমিজ উদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ভালুম আতাউর রহমান খান কলেজ মাঠে কালামপুর যুবক সমিতির আয়োজনে অনুষ্ঠিত ফুটবল খেলার ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় সাটুরিয়ার প্যারাডাইস এফসি ও ধামরাইয়ের সোনালী অতীত। ধামরাইয়ের সোনালী অতীত টাইব্রেকারে বিজয় লাভ করে।

বিপুলসংখ্যক দর্শক ও ক্রীড়াপ্রেমী মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় ফাইনাল ম্যাচটি।