
যশোরের চৌগাছায় বন্ধুদের সাথে মোটরসাইকেলে ঘুরতে গিয়ে আলমসাধুর (স্থানীয় যান) সাথে সংঘর্ষে সুলেমান হোসেন (১৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আরো দুজন আহত হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) বিকেলে চৌগাছা-কোটচাঁদপুর সড়কের পাতিবিলা বালুরগর্ত এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সুলেমান ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার মান্দারবাড়ীয়া ইউনিয়নের শ্যামনগর গ্রামের নূর হোসেনের ছেলে ও কাটগড়া মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র। আহতরা হলো তানজিন হোসেনকে (১৫) ও ফরহাদ।
চৌগাছা থানার ওসি মামুনুর রশিদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানায়, বিকেলে পাঁচটি মোটরসাইকেলে করে তারা বন্ধুরা মিলে দেবীপুর এলাকায় ঘুরতে যাচ্ছিল। পাতিবিলা বালুরগর্ত এলাকায় পৌঁছালে মোটরসাইকেলের সাথে বিপরীত দিক থেকে আসা একটি আলমসাধুর সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা তিনজন আহত হয়।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চৌগাছা উপজেলা সরকারি মডেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সুলেমানকে মৃত ঘোষণা করেন। আহত তানজিনকে উন্নত চিকিৎসার জন্য যশোরে পাঠানো হয়েছে। আহত ফরহাদ চৌগাছা উপজেলা সরকারি মডেল হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয়দের ধারণা, মোটরসাইকেলটি দ্রুতগতিতে চলার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
_GDN_970x90px_English.gif&w=2048&q=75)








