
খাগড়াছড়িতে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে বিদেশী পিস্তল, তাজা গুলি এবং ভারতীয় মদ, গাঁজা ও সিগারেট উদ্ধার করেছে বিজিবি। আটককৃত মালামালের সর্বমোট মূল্য ২,৬১,২৫০/- (দুই লাখ একষট্টি হাজার দুই শত ৫০) টাকা।
শুক্রবার (২ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন বিজিবি ৩২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: শাহারিয়ার রাজীব।
বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বর্ডার গার্ড বাংলাদেশ (৩২ বিজিবি) খাগড়াছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: শাহারিয়ার রাজীবের দিকনির্দেশনায় সহকারী পরিচালক মো: জাকিরুল ইসলামের নেতৃত্বে ব্যাটালিয়ন সদর হতে একটি বিশেষ টহল দল সীমান্তবর্তী জানমারাটিলা ডাউন নামক স্থানে অভিযান পরিচালনা করে।
এ সময় চোরাকারবারিরা টহলদলের উপস্থিতি বুঝতে পেরে পাহাড়ী জঙ্গলের ভেতর পালিয়ে যায়। শুক্রবার ভোরে স্থানটি তল্লাশি করে ৫টি বস্তা উদ্ধার করতে সক্ষম হয় বিজিবি। বস্তাগুলোর ভেতর ম্যাগাজিনসহ ১টি বিদেশী পিস্তল, ৫ রাউন্ড তাজা গুলি, ৩১ বোতল বিভিন্ন ধরনের ভারতীয় মদ, ৪ দশমিক ৩ কেজি গাঁজা এবং ৪৭ কার্টন ভারতীয় মোন্ড সিগারেট পাওয়া যায়।
জব্দ করা মালামালের বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে বলেও জানিয়েছে বিজিবি।
_GDN_970x90px_English.gif&w=2048&q=75)








