মোরেলগঞ্জ থানা, বাগেরহাট
মোরেলগঞ্জ থানা, বাগেরহাট। নয়া দিগন্ত

বাগেরহাটের মোরেলগঞ্জে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশটি পচে-গলে যাওয়ায় তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

Advertisement

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে উপজেলার খাউলিয়া ইউনিয়নের পশুরবুনিয়া গ্রামের বাবুয়ান এলাকায় চৌধুরী ইটভাটার উত্তর পাশে পানগুছি নদীর চরে আটকে থাকা অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

জানা গেছে, ইটভাটার উত্তর পাশে নদীর চরে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে মোরেলগঞ্জ থানা ও নৌ-পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। পচে-গলে যাওয়ায় নিহত ব্যক্তির বয়স ও লিঙ্গ সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায়নি। তার শরীরে কোনো বস্ত্রও ছিল না।

এ বিষয়ে মোড়লগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শহীদুল্লাহ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিক সুরতহাল রিপোর্ট শেষে লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

তিনি আরো বলেন, ধারণা করা হচ্ছে, লাশটি কয়েকদিন আগে নদীতে ভেসে এসে চরে আটকে ছিল। লাশের পরিচয় শনাক্ত ও মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।