বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, বহিষ্কার 
পুলিশ সদস্যকে মারধরের অভিযোগে যুবদল নেতাকে বহিষ্কার করা হয়েছে। নয়া দিগন্ত

চট্টগ্রামের সীতাকুণ্ড মডেল থানায় পেশাগত দায়িত্ব পালনের সময় আইনশৃঙ্খলা বাহিনীর কাজে বাধা ও এক পুলিশ সদস্যকে পিটিয়ে আহত করার অভিযোগে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি মো: ইসমাইল হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

Advertisement

শুক্রবার (২ অক্টোবর) সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি এ সিদ্ধান্ত কার্যকর করে। 

কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক (দফতরের দায়িত্বপ্রাপ্ত) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসমাইল হোসেনকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত ব্যক্তির কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। 

একই সাথে যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেয়া হয়। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়ার আহ্বান জানানো হয়। 

জানা গেছে, বৃহস্পতিবার রাত ১০টার দিকে সীতাকুণ্ড মডেল থানার গেটে গাড়ি পার্কিংকে কেন্দ্র করে ইসমাইলের সাথে থানায় কর্মরত কনস্টেবল ও ওসির গাড়িচালক মো: শফিকের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে ইসমাইল পুলিশ সদস্য শফিককে পিটিয়ে আহত করেন। পরে তাকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেয়া হয়।

সীতাকুণ্ড মডেল থানার ওসি মহিনুল ইসলাম জানান, থানার গেটে গাড়ি রাখা নিয়ে কনস্টেবল শফিকের সাথে কথা-কাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় ইসমাইলকে আটক করা হয়েছিল।

পুলিশের দাবি, ইসমাইলকে আটকের পর তাকে ছাড়িয়ে নিতে বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা থানায় ভিড় করেন। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সিদ্ধান্তে তাকে উপজেলা পর্যায়ের দলীয় নেতাদের জিম্মায় ছেড়ে দেয়া হয়।

এ বিষয়ে সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক ডা: কমল কদর বলেন, ‘ঘটনাটি সামান্য কথা-কাটাকাটির জেরেই ঘটেছে ও রাতেই ইসমাইলকে থানা থেকে ছাড়িয়ে নেয়া হয়।’

ঘটনার বিষয়ে ইসমাইলের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।