কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা। নয়া দিগন্ত

‎২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১৭০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে ঈশ্বরগঞ্জ সোসাইটি ফর সোশ্যাল অ্যাসিস্ট্যান্স (ইচ্ছা)।

Advertisement

শুক্রবার (২ অক্টোবর) বেলা ১১টার দিকে ঈশ্বরগঞ্জ বিশ্বেশ্বরী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গিফট ও ক্রেস্ট প্রদানের মাধ্যমে এ সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল ‘এসো আলোকিত ও সমৃদ্ধ ঈশ্বরগঞ্জ গড়ি’।

‎আগামী প্রজন্মের মেধা বিকাশে প্রেরণা সৃষ্টির লক্ষ্যে সংবর্ধনা আয়োজক কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এ কে এম মোস্তফা কামাল। স্বাগত বক্তব্য দেন কমিটির আহ্বায়ক ডা: মো: আবুল হোসেন। সঞ্চালনা করেন সদস্য সচিব মো: শহীদুল ইসলাম সেলিম।

অনুষ্ঠানে ‎প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতিকুর রাজ্জাক ভূঁইয়া হীরা, রাজারবাগ পুলিশ হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডা: খুরশেদ আলম ভূঁইয়া জুয়েল,  ব্যবসায়ী মজিবুর রহমান, ঢাকা উত্তরা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নূরুল ইসলাম তারা ও ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ রোমন।

এছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে এমপি মাজেদ বাবু কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানান। তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, ছেলেদের পাশাপাশি মেয়েদের শিক্ষার দিকেও বিশেষ গুরুত্ব দিতে হবে। আগামী প্রজন্মকে সুশীল, মূল্যবোধসম্পন্ন ও শিক্ষিত হিসেবে গড়ে তুলতে সবাইকে কাজ করার আহ্বান জানান তিনি। ঈশ্বরগঞ্জের প্রতি দায়বদ্ধতা থেকে স্কুল, কলেজ ও মাদরাসার পাশে দাঁড়ানোর কথাও বলেন তিনি।

‎এ সময় স্কুল ও হাসপাতালের বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে এমপি জানান, তিনি সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনবেন।

তিনি বলেন, ‘পাঁচ বছর পর আমার কী হবে, আই ডোন্ট কেয়ার। অ্যাজ লং অ্যাজ আই অ্যাম এমপি, আমি এটি করব।’