
বাগেরহাটের ফকিরহাটে বসতঘর থেকে সাবেক ইউপি সদস্য শেখ মুজিবুর রহমানের (৮০) লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২ অক্টোবর) দুপুর ১২টার দিকে সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড পাগলা দেয়াপাড়া গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়।
মুজিবুর ওই গ্রামের মরহুম মশিউদ্দিন শেখ ওরফে শেখ মশিয়ার রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে ওই বসতঘর থেকে দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা ঘরের দরজা ভেঙে মুজিবুরকে খাটের ওপর মৃত অবস্থায় দেখতে পান। পরে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন শেষে লাশ উদ্ধার করে।
স্থানীয় বাসিন্দারা জানায়, গত মঙ্গলবার মুজিবুরকে শেষ বার দেখা যায়। ধারনা করা হচ্ছে গত তিন দিনের যে কোনো সময় তিনি মারা গেছেন।
জানা গেছে, মুজিবুরের স্ত্রী ও ছেলে অনেক আগে মারা গেছেন। এক মেয়ে স্বামীর বাড়িতে থাকেন। নাতি সাইদুর রহমান ইমন অন্যত্র থাকেন। ফলে ওই বাড়িতে তিনি একা বসবাস করতেন বলে জানায় স্থানীয়রা।
ফকিরহাট মডেল থানার ওসি মো: রজিউল্লাহ খান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। আইনী প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’
তিনি আরো বলেন, ‘তবে তিনি কিভাবে মারা গেছেন ময়নাতদন্ত প্রতিবেদন আসলে জানা যাবে। তবে লাশ দেথে প্রাথমিক ধারনা করা হচ্ছে, তিনি আরো দুই-তিন দিন আগে মারা গেছেন।’
_GDN_970x90px_English.gif&w=2048&q=75)








