এসআরবি-১৩, মাদককারবারি গ্রেফতার, রংপুরে মাদকবিরোধী অভিযান, মাদক নেটওয়ার্ক, গ্রেফতার
রংপুরে গাঁজাসহ ২ নারী মাদককারবারি গ্রেফতার করা হয়েছে। সংগৃহীত

রংপুরের গঙ্গাছড়ায় সাড়ে সাত কেজি গাঁজাসহ দুই নারী মাদককারবারিকে গ্রেফতার করেছে এসআরবি-১৩।

Advertisement

শুক্রবার সকালে গঙ্গাছড়া উপজেলার তালুক হাবু এলাকায় মেসার্স মামুনুর রশিদ পেট্রোল পাম্পের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন রংপুর মহানগরীর কোতোয়ালি থানাধীন বাবুপাড়া রেলগেট এলাকার মো: আব্দুল হকের স্ত্রী মনি (৩৫) এবং রবার্টসনগঞ্জ এলাকার মরহুম মোরশেদ মিয়ার স্ত্রী মুন্নি বেগম (৫৫)।

এসআরবি-১৩ রংপুর সদর দফতরের বিপ্লব কুমার গোস্বামী জানান, অভিযানের সময় দুই নারীর হাতে থাকা প্লাস্টিকের ব্যাগ থেকে ৭ দশমিক ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গাঁজা নিজ হেফাজতে রাখার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতার দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে এসআরবি। পরে তাদের গঙ্গাছড়া থানায় হস্তান্তর করা হয়।

এসআরবির এই কর্মকর্তা জানান, দুই নারী দীর্ঘদিন ধরে মাদককারবারের সাথে জড়িত। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে মাদক নেটওয়ার্ক সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। সেগুলো মাদককারবারিদের খুঁজে বের করতে এসআরবিকে সহযোগিতা করবে।