সড়ক দুর্ঘটনা
দুর্ঘটনাকবলিত ট্রাক্টর। নয়া দিগন্ত

ফেনীর দাগনভূঞায় যাত্রীবাহী বাস, ট্রাক্টর ও ব্যাটারিচালিত অটোরিকশার ত্রিমুখী দুর্ঘটনায় জাহাঙ্গীর আলম নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশায় থাকা আরো দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন। 

Advertisement

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে নোয়াখালী-ফেনী আঞ্চলিক মহাসড়কের দাগনভূঞা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের গনিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর আলম দাগনভূঞা থানার অভিরামপুর গ্রামের আব্দুল আলীর ছেলে। তিনি দুর্ঘটনাকবলিত ব্যাটারিচালিত অটোরিকশাটি চালাচ্ছিলেন।

স্থানীয় সুত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে নোয়াখালী-ফেনী আঞ্চলিক মহাসড়কের নোয়াখালীগামী লেনে একটি নম্বরবিহীন ট্রাক্টর ইউটার্ন নিচ্ছিল। এ সময় নোয়াখালীগামী ‘আল্লাহরদান’ নামীয় একটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে এসে ট্রাক্টরটির পেছনে সজোরে ধাক্কা দেয়। বাসের ধাক্কায় ট্রাক্টরটি উল্টে গিয়ে মহাসড়কের বিপরীত পাশে থাকা একটি ব্যাটারিচালিত অটোরিকশার ওপর পড়ে। এতে অটোরিকশাটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলেই চালক জাহাঙ্গীর আলমের মৃত্যু হয়। একই সাথে অটোরিকশায় থাকা দুই যাত্রী আহত হন।  ​

বিষয়টি নিশ্চিত করে মহিপাল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মহাসড়কে যানজট এড়াতে ও যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে স্থানীয়দের সহযোগিতায় যানবাহনগুলো সড়ক থেকে সরিয়ে নেয়। আহত দুই যাত্রীর নাম-ঠিকানা ও পরিচয় শনাক্তে কাজ চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।