হাজতি
বাগেরহাট জেলা কারাগার। নয়া দিগন্ত

বাগেরহাট জেলা কারাগারে খাবার খাওয়ার সময় গলায় আটকে চাঁন মিয়া ফকির (৪৪) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। 

Advertisement

শুক্রবার (২ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে। পরে তাকে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে নেয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

চাঁন মিয়া বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার উত্তর ফুলহাতা গ্রামের মরহুম হেলাল উদ্দিন ফকিরের ছেলে। তিনি বাগেরহাট জেলা কারাগারে হাজতি হিসেবে বন্দি ছিলেন। তার বিরুদ্ধে মোরেলগঞ্জ থানায় একটি মামলা রয়েছে।

কারাগার সূত্রে জানা যায়, শুক্রবার সকালে খাবার খাওয়ার সময় চাঁন মিয়ার খাদ্যনালীতে খাবার আটকে যায়। এ সময় কারারক্ষীরা তাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার লাশ হাসপাতালের মর্গে রয়েছে।

বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক অসীম কুমার সমাদ্দার বলেন, ‘কারাগার থেকে অসুস্থ অবস্থায় এক হাজতিকে হাসপাতালে আনা হয়েছিল। জরুরি বিভাগের চিকিৎসক প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর বিষয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।’

বাগেরহাট জেলা কারাগারের জেল সুপার মো: মোস্তফা কামাল বলেন, ‘সকালে খাবার খাওয়ার সময় ওই হাজতির গলায় খাবার আটকে যায়। বিষয়টি জানার পর কারারক্ষীরা তাকে দ্রুত বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’