
নোয়াখালীতে ধর্মপুর হাজীর হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সাইফুল্লাহর ওপর হামলার প্রতিবাদে সদর উপজেলার ৪৮টি বিদ্যালয়ে একযোগে মানববন্ধন ও সমাবেশ করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১১টায় সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আবদুল আলীম ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদের নেতৃত্বে উপজেলার ৪৮টি বিদ্যালয়ে একযোগে এ কর্মসূচি পালন করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, গত ২৮ সেপ্টেম্বর ধর্মপুর হাজীর হাট উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোহাম্মদ সাইফুল্লাহর ওপর একদল যুবক হামলা চালায়। তারা এ ঘটনার নিন্দা জানিয়ে হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান।
এ ঘটনায় সুধারাম থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
জেলা শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক ও সিনিয়র শিক্ষক তোফাজ্জল হোসেন মঞ্জু বলেন, ‘হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদেরকে গ্রেফতার করা না হলে শিক্ষক সমিতির পক্ষ থেকে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।’
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ঘটনার সাথে টাকা-পয়সার লেনদেনসংক্রান্ত একটি বিষয় রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে শিক্ষকের ওপর হামলার ঘটনা দুঃখজনক।’
_GDN_970x90px_English.gif&w=2048&q=75)








