ভাইরাল শিশু তুবা
উজিরপুরে বাবাকে চা-রুটি খাওয়ানো সেই ভাইরাল শিশু তুবা উপজেলার প্রশাসনের উদ্যোগে স্কুলে ফিরেছে। নয়া দিগন্ত

বাবাকে বাজারের খুঁটির সাথে বাঁধা অবস্থায় দেখে ছোট্ট তুবা বিনতে অরনি ছুটে গিয়েছিল তার কাছে। পরে নিজের হাতে চা ও রুটি খাইয়েছিল বাবাকে। সেই দৃশ্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে আলোচনায় আসে তুবা। পারিবারিক নানা সঙ্কটে দীর্ঘদিন বিদ্যালয়ের বাইরে থাকা সেই তুবা এবার আবার ফিরেছে স্কুলে।

Advertisement

বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা তুবাকে বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়ে যান। বিদ্যালয়ে পৌঁছালে শিক্ষকরা তাকে স্বাগত জানান।

তুবার পরিবারের সদস্যরা জানান, পারিবারিক নানা সমস্যার কারণে বেশ কিছুদিন ধরে স্কুলে যেতে পারছিল না সে। এর মধ্যে বামরাইল বাজারে বাবা অনিককে খুঁটির সাথে বাঁধা অবস্থায় দেখতে পায় তুবা। বাবার কাছে ছুটে গিয়ে পরে বাজার থেকে চা ও রুটি কিনে এনে নিজের হাতে তাকে খাওয়ায়। এ সময়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তুবাকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

ঘটনার পর উপজেলা প্রশাসন তুবার পরিবারের পাশে দাঁড়ায়। অনিককে চিকিৎসার জন্য একটি পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়। পাশাপাশি তুবার পড়াশোনা যাতে আর বন্ধ না থাকে, সে উদ্যোগও নেওয়া হয়।

দীর্ঘদিন পর স্কুলে ফিরে তুবা বলে, ‘দীর্ঘদিন পর বিদ্যালয়ে আসতে পেরে আমি খুবই আনন্দিত।’

বামরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মামুন বলেন, ‘দীর্ঘদিন পর তুবা স্কুলে ফিরেছে। তার পড়াশোনার প্রতি বিশেষ নজর রাখা হবে।’

তুবার মা জান্নাতুল ফেরদৌস বলেন, ‘আমার মেয়ে দীর্ঘদিন পর আবার স্কুলে যেতে পেরেছে। এজন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অসংখ্য ধন্যবাদ।’

ইউএনও মো. আলী সুজা বলেন, পারিবারিক বিভিন্ন সমস্যার কারণে তুবা এতদিন স্কুলে যেতে পারেনি। তার পড়াশোনা যাতে আর বন্ধ না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে। বিষয়টি উপজেলা প্রশাসনের নজরদারিতেও থাকবে।

তিনি আরো বলেন, অনিক চিকিৎসা শেষে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরলে তাকে কর্মসংস্থানের মাধ্যমে পুনর্বাসনের উদ্যোগ নেয়া হবে।