কৃষক কার্ড বিতরণ
কৃষক কার্ড বিতরণ। নয়া দিগন্ত

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ‘কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ-২০২৬’ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। দেশব্যাপী এ কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (১ অক্টোবর) রুহিয়া সালেহিয়া দারুস সুন্নাত ফাজিল মাদরাসা মাঠে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Advertisement

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশব্যাপী এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। কৃষিসেবা ও সরকারি সহায়তা আরো সহজ, স্বচ্ছ ও দ্রুততার সাথে কৃষকদের দোরগোড়ায় পৌঁছে দিতে এ উদ্যোগ নেয়া হয়েছে।

উদ্বোধনী কর্মসূচির মাধ্যমে প্রথম ধাপে রুহিয়া উপজেলার এক হাজার ১৪৯ জন কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে জনপ্রতি দুই হাজার ৫০০ টাকা করে কৃষি উপকরণ সহায়তা সরাসরি জমা করা হয়। কোনো প্রকার মধ্যস্বত্বভোগী বা দালালের হস্তক্ষেপ ছাড়াই সরকারি অর্থ সরাসরি নিজ নিজ অ্যাকাউন্টে পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় কৃষকরা।

অনুষ্ঠানে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে স্থানীয় কৃষক নুর ইসলাম বলেন, ‘ইতোমধ্যে আমার অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে।’ সরাসরি সহায়তা পেয়ে তিনি আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে ‘কৃষক কার্ড’ তুলে দেন এবং দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন রুহিয়া উপজেলা পরিষদ প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আলাউদ্দিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রুহিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিলাদুন নবী, কৃষি সম্প্রসারণ অধিদফতরের ঠাকুরগাঁও জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ শামীমা নাজনীন, ঠাকুরগাঁও সদর উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ নিহার রঞ্জন রায় ও ঠাকুরগাঁও সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ সঙ্গী সরকার শান্তা।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রুহিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রিপন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল মালেক মানিক, সহ-সভাপতি ও সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা, ১ নম্বর রুহিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনিরুল হক বাবু, ৪ নম্বর ঢোলারহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অখিল চন্দ্র রায় ও ৬ নম্বর সেনুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মতিউর রহমান মতি।

এছাড়াও রুহিয়া উপজেলার বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সরকারি দফতরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় সাংবাদিক ও বিপুলসংখ্যক কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।