মানববন্ধন
আনোয়ারায় উচ্ছেদ আতঙ্কে সাড়ে ৪০০ পরিবার, প্রতিবাদে মানববন্ধন। নয়া দিগন্ত

চট্টগ্রামের আনোয়ারায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জমি থেকে উচ্ছেদের আশঙ্কায় দিন কাটাচ্ছে প্রায় সাড়ে ৪০০ পরিবার। পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদের উদ্যোগ নেয়ায় চরম বিপাকে পড়েছেন এসব পরিবারের সদস্যরা। এরই মধ্যে লিজ নেয়া জমিতে খুঁটি স্থাপন করেছেন ইজারাদার।

Advertisement

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে উপজেলার বৈরাগ ইউনিয়নের মেরিন অ্যাকাডেমি থেকে শাহাদাতনগর এলাকা পর্যন্ত উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন ভুক্তভোগী পরিবারগুলোর সদস্যরা।

সমাবেশে বক্তব্য দেন ভুক্তভোগী বাসিন্দা বখতিয়ার খান, মো: হান্নান, মো: মিজাজ, মো: সাগর, মো: বাপ্পু, মো: বাদশা, মো: নাদির, মো: ইউনুচ, মো: সিদ্দিকা, মো: সিরাজ, মো: জালাল, মো: আকতার উদ্দিন, আশরাফ উদ্দিন, মো: ইদ্রিস, মো: আফজাল, মো: জাহাঙ্গীর, মো: এয়াকুব ও মো: মাসুদ প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এসব পরিবার ওই এলাকায় বসবাস করে আসছে। পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদের উদ্যোগ নেয়ায় পরিবারগুলো অনিশ্চয়তার মধ্যে পড়েছে। উচ্ছেদের আগে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করার দাবি জানান তারা।

এ বিষয়ে চট্টগ্রাম পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী বর্ণ হক বলেন, ‘ভুক্তভোগী পরিবারগুলোর বিষয়ে আমরা জেনেছি। তবে পানি উন্নয়ন বোর্ড থেকে অনেক আগেই এসব জায়গা লিজ দেয়া হয়েছে। ইজারাদার লিজকৃত জায়গায় কাজ করলে আমাদের কিছু করার নেই। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।’