
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের কালামৃধা বাজারে মানবপাচারকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে ভুক্তভোগী এলাকাবাসীর উদ্যোগে কালামৃধা সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ভুক্তভোগী পরিবারের সদস্যসহ স্থানীয় এলাকাবাসী অংশ নেন। এ সময় তারা মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, মাদারীপুরের পশ্চিম নিলখী গ্রামের হাসেম মোড়লের ছেলে গোলাম রসুলসহ একটি চক্র ইতালি পাঠানোর প্রলোভন দেখিয়ে বিভিন্ন এলাকার যুবকদের লিবিয়ায় নিয়ে যায়। পরে সেখানে তাদের মাফিয়া চক্রের হাতে তুলে দিয়ে জিম্মি করে নির্যাতন করা হয় এবং পরিবারের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আদায় করা হয়।
বক্তারা আরো অভিযোগ করেন, মাদারীপুরের পশ্চিম নিলখী গ্রামের হারুন মোড়লের ছেলে রুবেল, ভাঙ্গা উপজেলার দেওড়া গ্রামের ইয়াকুব ব্যাপারীর ছেলে মিঠু ব্যাপারী, নিলখী গ্রামের শেরেকুল ব্যাপারীর ছেলে মিরান ব্যাপারীসহ বেশ কয়েকজন যুবককে একইভাবে লিবিয়ায় নিয়ে নির্যাতন ও জিম্মি করা হয়েছে। তাদের পরিবারের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়া হয়েছে বলেও অভিযোগ করেন তারা।
মানববন্ধনে ভুক্তভোগী রুবেল মোড়লের বোন লাইজু বেগম, শেরেকুল ব্যাপারী, হেমায়েত হাওলাদার, লিন্টু আকন্দসহ স্থানীয়রা বক্তব্য দেন।
এলাকাবাসীর অভিযোগ, মাদারীপুরের নিলখী ইউনিয়নের পশ্চিম নিলখী গ্রামের গোলাম রসুলসহ একটি মানবপাচারকারী চক্র মাদারীপুর, শিবচর, ভাঙ্গার কালামৃধা, দেওড়াসহ বিভিন্ন এলাকার যুবকদের বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে লিবিয়ায় নিয়ে যায়। সেখানে তাদের ‘গেমঘর’-এ আটকে রেখে মাফিয়া চক্রের সহযোগিতায় নির্যাতন ও জিম্মি করে পরিবারের কাছ থেকে বিপুল অর্থ আদায় করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
মানবপাচারের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।
_GDN_970x90px_English.gif&w=2048&q=75)








