কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত প্রধানমন্ত্রী
কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত প্রধানমন্ত্রী। নয়া দিগন্ত

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেপুর ইউনিয়নের ফতেপুর ১ নম্বর ব্লকের (১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড) কৃষকদের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। এ কার্যক্রমের আওতায় গোয়াইনঘাট উপজেলায় মোট এক হাজার ২৮৬ জন কৃষক অন্তর্ভুক্ত হয়েছেন।

Advertisement

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর ৩টার দিকে গোয়াইনঘাট উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে ফেনীর ফুলগাজী উপজেলা থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

একইসাথে দেশের ৫৫টি জেলার ৭১টি উপজেলার ৭১টি কৃষি ব্লকের প্রায় এক লাখ কৃষকের ব্যাংক হিসাবে কৃষি প্রণোদনার অর্থ বিতরণ কার্যক্রমে যুক্ত হন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী, কৃষি সম্প্রসারণ অধিদফতর সিলেট জেলার অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) দেবল সরকার, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম ও উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনিসহ জনপ্রতিনিধি, সাংবাদিক ও সংশ্লিষ্ট ব্লকের কৃষকরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষকদের সরকারি সহায়তা ও কৃষি প্রণোদনা কার্যক্রমের আওতায় আনতে ‘কৃষক কার্ড’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে কৃষকদের কাছে সরকারি কৃষি সেবা ও বিভিন্ন সুযোগ-সুবিধা আরো সহজে পৌঁছে দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে।

এদিকে, গোয়াইনঘাট উপজেলায় এক হাজার ২৮৬ জন কৃষক এ কার্যক্রমের আওতায় আসায় স্থানীয় কৃষকদের মধ্যে সন্তোষ প্রকাশ পেয়েছে। কৃষকরা সরকারি কৃষি সহায়তা ও প্রণোদনা কার্যক্রম আরো সম্প্রসারণের প্রত্যাশা ব্যক্ত করেন।