
পরিবেশ অধিদফতর, সিলেট বিভাগ ও জেলা কার্যালয়ের উদ্যোগে সিলেটের মুরাদপুর বাইপাস এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে শব্দ ও বায়ু দূষণের দায়ে ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মোট নয় হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ১৬টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়।
বৃহস্পতিবার (১ অক্টোবর) পরিবেশ অধিদফতর, সিলেট বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তারের নেতৃত্বে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬(ক) ধারা ও শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২৫-এর ৬(২) ধারা অনুযায়ী এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানকালে পরিবেশ অধিদফতর, সিলেট বিভাগীয় কার্যালয়ের সিনিয়র টেকনিশিয়ান আল মামুন প্রসিকিউশন প্রদান করেন। এ সময় এসআরবি-৯-এর সদস্য ও কার্যালয়ের অন্যান্য সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।
মোবাইল কোর্টে পরিবেশ দূষণের দায়ে এনফোর্সমেন্ট কার্যক্রমের মাধ্যমে একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা ক্ষতিপূরণ আরোপ করা হয়েছে।
পরিবেশ অধিদফতর, সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো: আবুল কালাম আজাদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিবেশ অধিদফতর, সিলেট বিভাগীয় কার্যালয়ের আওতাধীন জেলাসমূহে শব্দদূষণকারী ও অবৈধ উচ্চ শব্দযুক্ত হাইড্রোলিক হর্ন ব্যবহারকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি বায়ু দূষণ, পাহাড়-টিলা কেটে ফেলা, অবৈধ ইটভাটা ও নিষিদ্ধ ঘোষিত পলিথিনের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট অভিযান পর্যায়ক্রমে অব্যাহত থাকবে।
_GDN_970x90px_English.gif&w=2048&q=75)








