
রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় বন্ধগেট, নতুন বিলসিমলা ও হড়গ্রাম রেলক্রসিংয়ে নির্মাণাধীন তিনটি ফ্লাইওভারের কাজ পরিদর্শন করেছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মো: মাহফুজুর রহমান রিটন।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে ফ্লাইওভার তিনটির নির্মাণকাজ পরিদর্শন করেন তিনি। এ সময় প্রশাসক নির্মাণকাজের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং কাজের গুণগত মান নিশ্চিত করে নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণকাজ শেষ করার জন্য সংশ্লিষ্টদের তাগিদ দেন।
পরিদর্শনের শুরুতে তিনি নগরীর বন্ধগেট রেলক্রসিংয়ে নির্মাণাধীন ফ্লাইওভারের কাজ পরিদর্শন করেন। সেখানে নির্মাণকাজের অগ্রগতি পর্যবেক্ষণের পাশাপাশি সংশ্লিষ্টদের সাথে কথা বলেন। পরে নতুন বিলসিমলা রেলক্রসিং ও সবশেষে হড়গ্রাম রেলক্রসিংয়ে নির্মাণাধীন ফ্লাইওভারের কাজ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, প্রকল্প পরিচালক ও নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান ইমন, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) নিলুফার ইয়াসমিন, সহকারী প্রকৌশলী আসিফুল হাবিব নিবিড়, সজিবুর রহমান, মোস্তাফিজুর রহমান মারুফ ও সাকিব আরাফাত বিহগসহ সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রজেক্ট ম্যানেজাররা।
_GDN_970x90px_English.gif&w=2048&q=75)








