
খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, খুলনার বর্জ্য রিসাইক্লিং প্ল্যান্টের কার্যক্রম সফল হলে দেশের অন্যান্য সিটি করপোরেশন ও জেলা শহরের জন্য এটি একটি মডেল প্রকল্প হিসেবে বিবেচিত হবে।
বৃহস্পতিবার ডুমুরিয়া উপজেলার সলুয়ায় নির্মাণাধীন বর্জ্য রিসাইক্লিং প্ল্যান্টের কাজের অগ্রগতি পরিদর্শন শেষে কর্মকর্তা ও সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এ সময় প্ল্যান্টে স্থাপিত যন্ত্রপাতি পরীক্ষামূলকভাবে চালু করা হয়।
কেসিসি প্রশাসক বলেন, বৃহস্পতিবারই প্রথমবারের মতো প্ল্যান্টের যন্ত্রপাতি পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। ৩০ ঘণ্টা পর এর ফলাফল পাওয়া যাবে। প্রথম পরীক্ষামূলক পরিচালনার বিষয়ে প্রকৌশলীরা একটি প্রতিবেদনও দেবেন।
তিনি বলেন, প্ল্যান্টটির কার্যক্রম সফল হলে খুলনার বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দিগন্ত উন্মোচিত হবে। বর্জ্য আর বোঝা হয়ে থাকবে না, বরং তা সম্পদে পরিণত হবে।
কেসিসি সূত্র জানায়, সিটি করপোরেশন ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নগর অঞ্চল উন্নয়ন প্রকল্প-২ (সিআরডিপি-২)-এর আওতায় ৫৩ কোটি টাকা ব্যয়ে সলুয়া ল্যান্ডফিলে বর্জ্য রিসাইক্লিং প্ল্যান্টটি স্থাপন করা হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে প্ল্যান্টটি পূর্ণাঙ্গভাবে চালু করা সম্ভব হবে বলে প্রকৌশলীরা আশা করছেন।
পরিদর্শনকালে সিআরডিপি-২ প্রকল্পের টিম লিডার মো. শফিকুর রহমান, বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্রের (বিটাক) সাবেক চেয়ারম্যান ড. এসানুল হক, কেসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. আনিসুর রহমান, সহকারী প্রকৌশলী মো. ওবায়দুল্লাহ খান, ঠিকাদারি প্রতিষ্ঠান মাহবুব ব্রাদার্সের স্বত্বাধিকারী মো. মাহবুবুর রহমান, কোয়ালিটি কন্ট্রোল ইঞ্জিনিয়ার শামসুদ্দিন মোল্লা, প্রকল্প ব্যবস্থাপক মিন্টু মণ্ডল, ফিল্ড ইঞ্জিনিয়ার মো. সোহেল রানাসহ কারিগরি দলের সদস্যরা উপস্থিত ছিলেন।
ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন
খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) উদ্যোগে নবম ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে নগরীর খালিশপুরের লাল হাসপাতালে ক্যাম্পটির উদ্বোধন করেন কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
কেসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল ইমরান, ভেটেরিনারি অফিসার ডা. পেরু গোপাল বিশ্বাস, সংশ্লিষ্ট ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
_GDN_970x90px_English.gif&w=2048&q=75)








