
সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে জাবেদ (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১২০ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা: মো: মাহবুবুল আলম।
জাবেদের হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে কোনো নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়নি। ফলে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১ অক্টোবর পর্যন্ত বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা এক হাজার ৮১ জনেই রয়েছে। এর মধ্যে সিলেটে ৪০৪, হবিগঞ্জে ১৫৮, মৌলভীবাজারে ৩৬ ও সুনামগঞ্জে ৩৭৯ জন।
গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ১২০ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৬৭ জন, সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৩৬ জন, রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে দুই জন, বিশ্বনাথে একজন ও মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৩ জন রয়েছে।
নতুন রোগী ভর্তির পর বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ৫৯৭ জন সন্দেহজনক হাম রোগী চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৪৭ জন, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ২৯৮ জন, রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ১২ জন, পার্কভিউ মেডিক্যাল কলেজ হাসপাতালে ছয়জন, সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালে একজন, কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচজন, বিশ্বনাথে চারজন, বিয়ানীবাজারে পাঁচজন, গোলাপগঞ্জে ছয়জন, ফেঞ্চুগঞ্জে পাঁচজন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৬৮ জন, ধর্মপাশায় একজন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে তিনজন ও মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৩৩ জন চিকিৎসাধীন রয়েছে।
স্বাস্থ্য বিভাগের হিসাবে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১ অক্টোবর পর্যন্ত হাম ও উপসর্গে মারা যাওয়া ১৮২ জনের মধ্যে সন্দেহজনক হাম রোগে ১৭২ জন ও নিশ্চিত হাম রোগে ১০ জন মারা গেছে। জেলার হিসাবে সিলেটে ৭৩, হবিগঞ্জে ২৮, মৌলভীবাজারে ১৫ ও সুনামগঞ্জে ৬৬ জনের মৃত্যু হয়েছে।
আগস্টে সিলেট বিভাগে হাম ও উপসর্গে ৪১ জনের মৃত্যু হয়েছিল। সেপ্টেম্বর মাসে মারা গেছেন ২৯ জন। আর অক্টোবরের প্রথম দিনেই নতুন করে একজনের মৃত্যু হলো।
_GDN_970x90px_English.gif&w=2048&q=75)








