
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও বিপুল দর্শকের উপস্থিতিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। জমজমাট ফাইনালে লক্ষ্মীপুর একাদশকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে নূরপুর একাদশ। খেলা শেষে প্রধান অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৪টায় নাসিরনগর উপজেলার আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে নূরপুর একাদশ ও লক্ষ্মীপুর একাদশ মুখোমুখি হয়। খেলা দেখতে মাঠে বিপুলসংখ্যক দর্শকের সমাগম ঘটে।
বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল।
খেলার উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-২ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপন, বাংলাদেশ সরকারের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমেদ, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ মো: সিরাজুল ইসলাম সিরাজ, নাসিরনগর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো: রমজান আলী, মো: আবু সাইদ, সাবেক উপসচিব মো: মফিজুল ইসলাম ফরিদ, নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: এরফান উদ্দিন এবং নাসিরনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশীর উদ্দিন তুহিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ফাইনাল খেলায় শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। পাল্টাপাল্টি আক্রমণে ম্যাচটি উপভোগ্য হয়ে ওঠে। শেষ পর্যন্ত লক্ষ্মীপুর একাদশকে ২-১ গোলে পরাজিত করে শিরোপা জিতে নেয় নূরপুর একাদশ।
খেলা শেষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক চ্যাম্পিয়ন নূরপুর একাদশ ও রানারআপ লক্ষ্মীপুর একাদশের খেলোয়াড়দের হাতে পুরস্কার ও ট্রফি তুলে দেন।
_GDN_970x90px_English.gif&w=2048&q=75)








