
প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার (১ অক্টোবর) ফেনী সফরে আসছেন। তিনি দুপুরে পরশুরাম ও বিকেলে ফুলগাজীতে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও জনসভায় ভাষণ দেবেন। তাকে বরণ করতে অধীর আগ্রহে অপেক্ষা করছে দলীয় নেতাকর্মীরা। তার আগমনকে ঘিরে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী সকাল সাড়ে ৮টায় সড়ক পথে রাজধানীর বাসভবন থেকে ফেনীর উদ্দেশে রওনা হবেন। দুপুর সাড়ে ১২টায় এক হাজার ৫৪২ কোটি টাকা ব্যয়ে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, সেচ ও পানি নিষ্কাশন’ প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন করবেন। পরে সেখানে স্থানীয়দের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন।
দুপুর দেড়টায় প্রধানমন্ত্রী ফুলগাজী বেগম খালেদা জিয়া মহিলা কলেজ পরিদর্শন করবেন এবং সেখানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন।
দুপুর ২টায় ফুলগাজী উপজেলার ডাক বাংলোয় ২৪৯ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সোলার প্যানেলের প্রকল্প উদ্বোধন করবেন। পরে সেখান বিশ্রাম, মধ্যাহৃভোজ ও দুপুরের খাবারের পর বিকেল সাড়ে ৩টায় ফুলগাজী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম ও পুরোহিতদের সম্মানী প্রদান করবেন। এরপর সেখানে আয়োজিত জনসভায় ভাষণ দেবেন।
প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থলসমূহ পরিদর্শন করে প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নিতে বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় পরশুরাম ও ফুলগাজীতে আসেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দিন মাহমুদ চৌধুরী এ্যানি।
এ সময় উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, স্থানীয় সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনু, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু, জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মাহবুবউল করিম, পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার, জেলা ও উপজেলার বিএনপির নেতৃবৃন্দ।
এর আগের দিন (মঙ্গলবার) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু প্রস্তুতি দেখতে আসেন।
ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনু বলেন, ‘প্রধানমন্ত্রী হওয়ার পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রথমবারের মতো তার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতিবিজড়িত ফুলগাজী ও পরশুরাম আসছেন। তার আগমনকে ঘিরে সর্বস্তরের মানুষের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমানকে এক নজর দেখতে এলাকাবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছেন।’
রেহানা আক্তার রানু বলেন, ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণের মধ্য দিয়ে এই এলাকার মানুষের সবচেয়ে বড় সমস্যা সমাধান হতে চলেছে। আমরা আশা করব, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতিবিজড়িত ফেনীতে প্রধানমন্ত্রীর আগমনের মধ্য দিয়ে সব সমস্যা পর্যায়ক্রমে সমাধান হবে।’
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেন, ‘ফেনীবাসীর সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের নাড়ির সম্পর্ক রয়েছে। ফুলগাজীর শ্রীপুরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পৈত্রিক বাড়ি। এই আসন থেকে তিনি বারবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হয়েছেন। আমরা আশা করব, দেশনেত্রীর স্মৃতিবিজড়িত ফুলগাজী পরশুরাম তথা ফেনীবাসীর সব দাবি পর্যায়ক্রমে পূরণ করবেন প্রধানমন্ত্রী।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








