
রংপুরের পীরগাছা উপজেলায় অবৈধভাবে সয়াবিন তেল উৎপাদন ও বাজারজাত করায় এক ব্যবসায়ীকে এক মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় কারখানা থেকে ১০ লাখ টাকার মালামাল জব্দ করা হয়।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের পীরগাছা বাজারে মীম কনজ্যুমার কারখানায় অভিযান করে মালামাল উদ্ধার ও কারাদণ্ডাদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তারেক হাসান তাহসিন।
কারাদণ্ডাদেশপ্রাপ্ত ব্যবসায়ীর নাম মশিউর রহমান। তিনি পারুল ইউনিয়নের সুন্দর এলাকার আজিজুল ইসলামের ছেলে।
উপজেলা ভ্রাম্যমাণ আদালতের প্রসিকিউটর জানান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: তারেক হাসান তাহসিনের নেতৃত্বে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিকসহ একদল পুলিশ অভিযানে অংশ নেয়। এ সময় নকল ও ভেজাল সয়াবিন তেল উৎপাদন ও বাজারজাতের বিভিন্ন সরঞ্জাম ও মালামাল জব্দ করেন তারা। পরে কারখানার মালিক মশিউর রহমানকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক হাসান তাহসিন জানান, অভিযানের সময় হাতেনাতে অবৈধভাবে সয়াবিন তেল উৎপাদন ও বাজারজাতের প্রমাণ মেলে। পরে মালিককে কারাদণ্ডাদেশ ও জরিমানা করা হয়েছে। মালামালগুলো জব্দ করে ধ্বংস করা হয়েছে।
_GDN_970x90px_English.gif&w=2048&q=75)








