সাংবাদিকদের সাথে কথা বলছেন ঢাকা দক্ষিণ সিটি প্রশাসক মো: আবদুস সালাম
সাংবাদিকদের সাথে কথা বলছেন ঢাকা দক্ষিণ সিটি প্রশাসক মো: আবদুস সালাম। নয়া দিগন্ত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো: আবদুস সালাম বলেছেন, ‘নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের কাঁচপুরে সায়েদাবাদ বাস টার্মিনাল স্থানান্তর হলে ঢাকার যানজট কমবে।’

Advertisement

তিনি বলেন, ‘টার্মিনালের কাজ দ্রুত শেষ করে পর্যায়ক্রমে বিভিন্ন রুটের বাস কাঁচপুরে আনার চেষ্টা করা হবে। খুব অল্প সময়ের মধ্যে কিছু কিছু রুটের বাস ঢোকানোর চেষ্টা করা হবে।’
 
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে সোনারগাঁওয়ে কাঁচপুর বাস টার্মিনালে কাজ পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি।

সিটি প্রশাসক বলেন, ‘গুলিস্তানের বাস টার্মিনালটি বুড়িগঙ্গার ওপারে নেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। এজন্য ইতোমধ্যে জমি অধিগ্রহণ করা হয়েছে। সায়েদাবাদ থেকে চট্টগ্রামসহ প্রায় ১৬টি জেলার যেসব বাস চলাচল করে, সেগুলো কাঁচপুরের এ টার্মিনালে রাখার পরিকল্পনা সরকারের রয়েছে। কাঁচপুর ও ঢাকায় যাত্রীদের যাওয়া-আসার জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে।’

তিনি আরো বলেন, ‘কাঁচপুর টার্মিনালে আপাতত অস্থায়ী শেড করে এখানে সায়েদাবাদ টার্মিনাল স্থানান্তর করা হবে। এই টার্মিনাল বাস্তবায়নের জন্য সব মিলিয়ে প্রায় ৫০ কোটি টাকার বাজেট ধরা হয়েছে।’

কাঁচপুর টার্মিনাল পরিদর্শনকালে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক নিজামুদ্দিনসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্মকর্তারা।