সনদপত্র বিতরণ
প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন সেনাবাহিনীর বান্দরবান রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আরিফুল ইসলাম। নয়া দিগন্ত

বেকারত্ব নিরসন ও আত্মকর্মসংস্থানের লক্ষ্যে তরুণদের ফ্রিজ ও এসি মেরামতের প্রশিক্ষণ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বান্দরবান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সহযোগিতায় আয়োজিত এ প্রশিক্ষণে ১৯ তরুণ অংশ নেন। বুধবার প্রশিক্ষণের সমাপনী দিনে তাদের হাতে সনদপত্র তুলে দেয়া হয়।

Advertisement

সেনাবাহিনীর বান্দরবান রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আরিফুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন। বান্দরবান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী মো. মাহতাব উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে সদর জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সায়েম আহমেদ, রিজিয়নের কর্মকর্তা মেজর পারভেজ রহমান এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণার্থীরা অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে ভবিষ্যতে আত্মকর্মসংস্থান ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারবেন বলে আশা করা হচ্ছে।

সেনাবাহিনী জানায়, দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি জনগণের কল্যাণ, দক্ষতা উন্নয়ন, আত্মনির্ভরতা সৃষ্টি এবং স্থানীয় জনগণের সঙ্গে পারস্পরিক আস্থা ও সম্প্রীতি সুদৃঢ় করতে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এর অংশ হিসেবে বান্দরবানে তরুণদের জন্য এ কারিগরি প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

গত ৬ সেপ্টেম্বর এ প্রশিক্ষণ শুরু হয়। প্রায় এক মাসের প্রশিক্ষণ শেষে বুধবার প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।