দামুড়হুদায় গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কায় চালক নিহত
দামুড়হুদা থানার পুলিশ ঘটনাস্থল থেকে নিহত মিঠুর লাশ উদ্ধার করে। ছবি সংগৃহীত

চুয়াডাঙ্গার দামুড়হুদায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কায় মিঠু (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আলামিন (২৭) নামে মোটরসাইকেলের অন্য আরোহী গুরুতর আহত হয়েছেন। 

Advertisement

বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার লোকনাথপুর-পরানপুর সড়কের পোলট্রি ফার্মের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিঠু দর্শনা পৌর এলাকার পরানপুর গ্রামের বেলেমাঠ পাড়ার এনামুল হকের ছেলে। আহত আলামিন একই এলাকার শান্তিপাড়ার জসিম উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা ৬টার দিকে মিঠু ও আলামিন একটি মোটরসাইকেলযোগে দ্রুতগতিতে পরানপুরের দিকে যাচ্ছিলেন। পথে পোলট্রি ফার্মের মোড়ে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সাথে ধাক্কা লাগে। এ সময় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক মিঠুর মৃত্যু হন এবং আলামিন গুরুতর আহত হন।

দুর্ঘটনার শব্দ শুনে স্থানীয়রা গুরুতর আহত আলামিনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠান। সেখানে দায়িত্বরত চিকিৎসকরা তার অবস্থা আশঙ্কাজনক বলে জানান।

খবর পেয়ে দামুড়হুদা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত মিঠুর লাশ উদ্ধার করে। পুলিশের ধারণা, অতিরিক্ত গতিতে মোটরসাইকেল চালানোর সময় মোড় নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে।

দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ উদ্দিন সড়ক দুর্ঘটনায় একজন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।