
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর আইন ও বিধি প্রতিপালন এবং ভোক্তাদের নিরাপদ ও মানসম্মত পণ্য নিশ্চিত করতে রাজশাহীতে দ্বিতীয় দিনের মতো সামারি কোর্ট কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) রাজশাহী মহানগরীর কাদিরগঞ্জ এলাকার মেসার্স ভাই ভাই রাইস দোকানে অভিযান চালানো হয়। এ সময় আতপ চালের মোড়কের মধ্যে ভিন্ন জাতের পাইজাম চাল রেখে বিক্রির উদ্দেশ্যে প্রদর্শনের বিষয়টি ধরা পড়ে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে দোকানের মালিককে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
একইসাথে ভিন্ন জাতের চাল ভিন্ন লেবেল বা মোড়কে সংরক্ষণ ও প্রদর্শনের ক্ষেত্রে সঠিক লেবেল ব্যবহার এবং সংশ্লিষ্ট মোড়ক সংশোধনের নির্দেশ দেয়া হয়।
অন্যদিকে নগরীর লাজ ফার্মায় অভিযান চালিয়ে বেশকিছু খাদ্যপণ্য ও প্রসাধনী সামগ্রী জব্দ করা হয়। প্রাথমিকভাবে এসব পণ্যের গায়ে আমদানিকারকের প্রয়োজনীয় সিল বা চিহ্ন না থাকার বিষয়টি পরিলক্ষিত হয়। এ বিষয়ে লাজ ফার্মা কর্তৃপক্ষের ব্যাখ্যাসহ বিষয়টি তদন্ত করে দায়ী ব্যক্তির বিষয়ে ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য বিএসটিআই রাজশাহীকে নির্দেশ দেয়া হয়েছে।
ভোক্তাদের নিরাপদ ও মানসম্মত পণ্য প্রাপ্তি নিশ্চিত করতে পণ্য উৎপাদন, আমদানি, বাজারজাতকরণ ও বিক্রির ক্ষেত্রে প্রযোজ্য আইন ও মানদণ্ড প্রতিপালনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
সামারি কোর্টে বিচারকের দায়িত্ব পালন করেন রাজশাহী সিটি করপোরেশনের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো: ফয়সল তারেক। বিএসটিআইয়ের পক্ষে প্রসিকিউশনের দায়িত্বে ছিলেন সহকারী পরিচালক মো: আজিজুল হাকিম। এ সময় পুলিশ প্রশাসনের সদস্য ও আদালতের সংশ্লিষ্ট কর্মচারীরা উপস্থিত ছিলেন।
_GDN_970x90px_English.gif&w=2048&q=75)








