জেলা ও দায়রা জজ আদালত, ময়মনসিংহ
জেলা ও দায়রা জজ আদালত, ময়মনসিংহ। সংগৃহীত

ময়মনসিংহে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের মামলায় দুই যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসাথে তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরো তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

Advertisement

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (সিনিয়র জেলা ও দায়রা জজ) এম এল বি মেছবাহ উদ্দিন আহমেদ এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন— ময়মনসিংহ কোতোয়ালি থানা এলাকার মো: মারুফ (২১) ও স্বাধীন (২০)।

মামলার এজাহার ও নথি সূত্রে জানা যায়, ২০২০ সালের ১২ আগস্ট সকালে ওই ছাত্রীর মা কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যান। ওই দিন দুপুর আনুমানিক ৩টার দিকে মারুফ ও স্বাধীন ঘরে প্রবেশ করে ওই ছাত্রীকে পালাক্রমে ধর্ষণ করেন বলে মামলায় অভিযোগ করা হয়।

সন্ধ্যায় বাড়িতে ফিরে ভুক্তভোগীর মা বিষয়টি জানতে পারেন। পরে তিনি ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। মামলাটি দীর্ঘদিন আদালতে বিচারাধীন থাকার পর সাক্ষ্য-প্রমাণ গ্রহণ ও আইনি প্রক্রিয়া শেষে আজ বুধবার রায় ঘোষণা করা হয়।

রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট বজলুল করিম চৌধুরী বলেন, সাক্ষ্য-প্রমাণ ও আইনি প্রক্রিয়ায় আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। এ কারণে আদালত তাদের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট। রায়ের পর মামলাটির দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার অবসান হলো।