গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়। নয়া দিগন্ত

আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় র‌্যাঙ্কিংয়ে আবারো সাফল্য পেয়েছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)। টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং ২০২৭-এ বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যৌথভাবে দ্বিতীয় স্থান অর্জন করেছে প্রতিষ্ঠানটি। আন্তর্জাতিক র‌্যাঙ্কিংয়ে গাকৃবির অবস্থান ১০০১ থেকে ১২০০-এর মধ্যে।

Advertisement

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন বুধবার (৩০ সেপ্টেম্বর) তাদের ওয়েবসাইটে এ র‌্যাঙ্কিং প্রকাশ করে। এবারের তালিকায় বিশ্বের ১১৮টি দেশ ও অঞ্চলের দুই হাজার ২৯৭টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে।

শুধু সামগ্রিক অবস্থান নয়; শিক্ষার মানের সূচকেও এগিয়ে রয়েছে গাকৃবি। র‌্যাঙ্কিংয়ের ‘গুণগত শিক্ষাদান’ সূচকে বাংলাদেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে বিশ্ববিদ্যালয়টি। শিক্ষাদানের পাশাপাশি গবেষণার পরিবেশ, গবেষণার গুণগত মান, শিল্পের সাথে সংশ্লিষ্টতা ও আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি— এই চারটি প্রধান ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলোর কার্যক্রম মূল্যায়ন করেছে টিএইচই।

সাম্প্রতিক বছরগুলোতে আন্তর্জাতিক বিভিন্ন সূচকেও গাকৃবির অবস্থানের উন্নতি হয়েছে। সাসটেইনেবিলিটি ইমপ্যাক্ট রেটিং ২০২৬-এ দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষস্থান অর্জন করেছে গাকৃবি। একই র‌্যাঙ্কিংয়ে জাতিসঙ্ঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা-১ (এসডিজি) বা দারিদ্র্যমুক্তি সূচকে বিশ্বে ৮২তম ও এসডিজি-২ বা ক্ষুধামুক্তি সূচকে ৬৬তম অবস্থানে রয়েছে প্রতিষ্ঠানটি। এসডিজি-৪ বা মানসম্মত শিক্ষা সূচকে গাকৃবির অবস্থান ১০১ থেকে ২০০-এর মধ্যে।

এছাড়া টিএইচই ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং ২০২৫ ও ২০২৬-এর বিভিন্ন সূচকে দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম হওয়ার সাফল্যও রয়েছে গাকৃবির। ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংস ফর ইনোভেশন (উরি) ২০২৬-এ ‘ফিন্যান্সিয়াল ইমপ্যাক্ট ড্রাইভেন টেকনোলজি ট্রান্সফার’ ক্যাটাগরিতে বিশ্বে ২৩তম হয়েছে বাংলাদেশের এ সরকারি বিশ্ববিদ্যালয়। একইভাবে কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাসটেইনেবিলিটি র‌্যাঙ্কিংস ২০২৬-এ দেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করেছে গাকৃবি।

এদিকে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রতিযোগিতামূলক উদ্ভাবনী আয়োজনেও সাফল্য পেয়েছে প্রতিষ্ঠানটি। বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’-এ দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর সাথে প্রতিযোগিতা করে চ্যাম্পিয়ন হয় গাকৃবি।

সাম্প্রতিক এ অর্জনকে বিশ্ববিদ্যালয় পরিবারের সম্মিলিত প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে দেখছেন গাকৃবির ভিসি অধ্যাপক ড. জি কে এম মোস্তাফিজুর রহমান।

তিনি বলেন, ‘আন্তর্জাতিক র‌্যাঙ্কিংয়ে গাকৃবির ধারাবাহিক অগ্রগতি বিশ্ববিদ্যালয় পরিবারের সম্মিলিত প্রচেষ্টার ফল। বিশেষ করে গুণগত শিক্ষাদানে দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দ্বিতীয় স্থান অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

তিনি আরো বলেন, ‘র‌্যাঙ্কিং তাদের কাছে শুধু অবস্থান বা স্বীকৃতির বিষয় নয়; বরং শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের মান আরো উন্নত করার একটি দর্পণ। গাকৃবিকে বিশ্বমানের কৃষি বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে তাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।’