হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু আক্রান্ত রোগী
হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু আক্রান্ত রোগী। ফাইল ছবি

সিলেটে ডেঙ্গুর সংক্রমণ বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে আরো ১৪ জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছরে বিভাগে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১৮ জনে। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ৩৬ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন রয়েছেন।

Advertisement

বুধবার (৩০ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা: মো: মাহবুবুল আলম।

স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ১৪ জনের মধ্যে জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালসহ সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জের বিভিন্ন হাসপাতালে রোগী শনাক্ত হয়েছেন। এ সময়ে ডেঙ্গুতে নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বিভাগে ডেঙ্গু শনাক্ত ৪১৮ জনের মধ্যে হবিগঞ্জে ১৮৩ জন, সিলেটে ৯০ জন, সুনামগঞ্জে ৯০ জন ও মৌলভীবাজারে ৪২ জন রয়েছেন। এছাড়া অন্যান্য জেলা থেকে এসে সিলেট বিভাগে চিকিৎসা নেয়া আরো ১৩ জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন।

বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ৩৬ জনের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ১১ জন, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল হাসপাতালে তিনজন, বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দু’জন, নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ছয়জন, ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচজন, চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, সুনামগঞ্জ সদর হাসপাতালে দু’জন ও মৌলভীবাজার সদর হাসপাতালে একজন রয়েছেন।

চলতি বছর ডেঙ্গুতে সিলেট বিভাগে এখন পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় একজন, হবিগঞ্জে একজন ও মৌলভীবাজারে একজন মারা গেছেন।