
বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) চিতলমারী উপজেলায় অভিযান চালিয়ে দুই হাজার ৪২টি গ্যাস সিলিন্ডার জব্দ করেছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খাদিজা আক্তার এসব তথ্য নিশ্চিত করেন।
এর আগে, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলা মোড়ে অবস্থিত মেসার্স রোহা এন্টারপ্রাইজে অভিযান চালিয়ে বেআইনিভাবে মজুত রাখা ও মেয়াদোত্তীর্ণ এসব গ্যাস সিলিন্ডার জব্দ করা হয়।
এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিষ্ঠানটির মালিক মো: রিয়াদ মুন্সিকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খাদিজা আক্তার বলেন, মঙ্গলবার বিকেলে ডিবির ফোন পাওয়ার পর ঘটনাস্থলে যাই। ওখানে গিয়ে দেখতে পাই, মেসার্স রোহা এন্টারপ্রাইজের মালিক মো: রিয়াদ মুন্সি লাইসেন্স অনুযায়ী ৪০টি গ্যাস সিলিন্ডার মজুত রাখতে পারবেন। কিন্তু তিনি দুই হাজার ৪২টি গ্যাস সিলিন্ডার মজুত রেখেছেন। যেগুলোর আনুমানিক বাজারমূল্য ২১ লাখ ৮১ হাজার ২০০ টাকা।
মজুতকৃত সিলিন্ডারগুলোর মধ্যে ১৭৪টি পূর্ণ সিলিন্ডার ও এক হাজার ৮৬৮টি ছিল খালি। এতো মজুত সিলিন্ডার রাখার সঠিক ব্যাখ্যা তিনি আমাদের দিতে পারেননি। এছাড়া জব্দকৃত অনেক সিলিন্ডারের মেয়াদ ২০২২ ও ২০২৪ সালে শেষ হয়েছে। এগুলো সরাসরি কোম্পানি থেকে আনার কথা, কিন্তু ওনারা বাইরে থেকে রিফিল করান।
অতিরিক্ত মজুত রাখা ও বেআইনি কাজ করার জন্য আমরা পেট্রোলিয়াম আইন-২০১৬-এর ২০(১) ধারায় প্রতিষ্ঠানটির মালিক মো: রিয়াদ মুন্সিকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছি। এছাড়া ৪০টি সিলিন্ডার বাদে বাকি সিলিন্ডারগুলো জব্দ করে থানায় আনা হয়েছে।
চিতলমারী থানার ওসি (তদন্ত) মিলন কুমার ঘোষ জানান, জব্দকৃত সিলিন্ডারগুলো থানায় এনে রাখা হয়েছে। সাজা পারোয়ানামূলে প্রতিষ্ঠানটির মালিক মো: রিয়াদ মুন্সিকে জেলা কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।
অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: নাঈম আশরাফ, চিতলমারী থানার এসআই সুজয় ও চিতলমারী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মো: আব্দুল ওয়াদুদ।
_GDN_970x90px_English.gif&w=2048&q=75)








