
ময়মনসিংহের ভালুকায় কৃষিজমিতে কাজ করতে গিয়ে জমিতে পড়ে থাকা পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চাচতো দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের খারুয়ালী গ্রামে এ ঘটনা ঘটে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় সদর ইউনিয়নের খারুয়ালী গ্রামের মরহুম মজিদ আকন্দের ছেলে ধনু আকন্দ (৬৫) বাড়ির উত্তর পাশে কৃষিজমিতে কাজ করতে যান। এসময় জমিতে পড়ে থাকা পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খোঁজ পেয়ে একই বাড়ির চাচাতো ভাই মরহুম আজিজ আকন্দের ছেলে শাহাব উদ্দিন আকন্দ (৬৩) ভাইকে বাঁচাতে ঘটনাস্থলে ছুটে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন। এ সময় স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ভালুকা সরকারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থায়ীয় বাসিন্দা শিক্ষক মো: জান্নাতুল ইসলাম সোহাগ জানান, ‘সকাল ৯টার দিকে তিনি পল্লী বিদ্যুতের একটি তার ছিঁড়ে মাটিতে পড়ে থাকতে দেখেন। বিষয়টি তিনি পল্লী বিদ্যুৎ কার্যালয়ে জানিয়েছিলেন। এরপরও তারটি সরানো বা বিদ্যুৎ সংযোগ বন্ধের বিষয়ে দ্রুত কোনো ব্যবস্থা নেয়া হয়নি।’
ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার (জিএম) মো: নাসির উদ্দিন জানান, তিনি ঘটনাটি শুনেছেন। এ ব্যাপারে তদন্ত কমিটি করা হচ্ছে, তদন্ত করে অফিসের কারো অবহেলা পাওয়া গেলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
_GDN_970x90px_English.gif&w=2048&q=75)








