
পিরোজপুরের কাউখালীতে নদীভাঙন ও বাঁধ ধসে পড়া এলাকা পরিদর্শন করেছেন পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য ও গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহাম্মেদ সোহেল মঞ্জুর।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলার তীব্র নদীভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন তিনি।
পরিদর্শন শেষে সাংবাদিকদের দেয়া সাক্ষাৎকারে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর বলেন, ‘সন্ধ্যা নদীর ভাঙনে কাউখালীর পালপাড়ার মন্দির ও ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক। আমি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানাচ্ছি। নদীভাঙন এ এলাকার মানুষের দীর্ঘদিনের একটি বড় সমস্যা।’
তিনি বলেন, ‘খুব দ্রুত সময়ের মধ্যে পানি উন্নয়ন বোর্ডের সাথে সমন্বয় করে এ এলাকায় একটি স্থায়ী গাইড বাঁধ বা প্রতিরক্ষা বাঁধ নির্মাণের উদ্যোগ নেয়া হবে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন ও সব ধরনের সরকারি সহায়তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। কোনো পরিবারকেই গৃহহীন থাকতে দেয়া হবে না।’
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সাথে কথা বলেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও প্রয়োজনীয় সরকারি সহায়তার বিষয়েও তিনি সংশ্লিষ্টদের সাথে কথা বলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার উপজেলার আমড়াজুড়ি ইউনিয়নের সন্ধ্যা নদীর পশ্চিম তীরে মধ্য সোনাকুর গ্রামের পালপাড়ায় হঠাৎ তীব্র নদীভাঙন শুরু হয়। মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই নদীগর্ভে বিলীন হয়ে যায় এলাকার ঐতিহ্যবাহী লোকনাথ মন্দির, কালী মন্দির, দুর্গা মন্দির, শীতলা মন্দির ও গঙ্গা মন্দিরসহ একাধিক স্থাপনা। একইসাথে কয়েকটি বসতঘর ও বৈদ্যুতিক খুঁটিও নদীগর্ভে চলে যায়।
ভাঙন অব্যাহত থাকায় পালপাড়াসহ আশপাশের এলাকার আরো অন্তত ১৫ থেকে ২০টি বসতঘর ঝুঁকিতে রয়েছে। যেকোনো সময় এসব ঘরবাড়িও নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।
ভাঙনে সর্বস্ব হারানো ক্ষতিগ্রস্ত বাসিন্দা অমল পাল ও সঞ্জীব মালো জানায়, আমরা দিনরাত আতঙ্কের মধ্যে আছি। নদীভাঙনে আমরা একপ্রকার নিঃস্ব হয়ে গেছি। এখনই স্থায়ীভাবে ভাঙন রোধে ব্যবস্থা নেয়া না হলে সোনাকুর গ্রামের অস্তিত্বই একদিন মানচিত্র থেকে মুছে যেতে পারে।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তার, আমড়াজুড়ি ইউনিয়ন পরিষদের প্রশাসক মেহেদী হাসান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচএম দীন মোহাম্মদ, সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মিয়া, সাবেক সাধারণ সম্পাদক শাফিউল আজম দুলাল, পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধিসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার নেতারা।
_GDN_970x90px_English.gif&w=2048&q=75)








