গ্রেফতার
জুয়ার আসর থেকে গ্রেফতাররা। নয়া দিগন্ত

জামালপুরের মাদারগঞ্জে জুয়ার আসরে অভিযান চালিয়ে আওয়ামী লীগের এক ওয়ার্ড সভাপতি ও ইউপি সদস্যসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

Advertisement

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বিষয়টি নিশ্চিত করেন। এর আগে সোমবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার জোড়খালী ইউনিয়নের চর জোড়খালী এলাকায় এ অভিযান চালানো হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন—জোড়খালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য হামিদুর রহমান হামিদ খান (৪৫), একই ইউনিয়নের চর জোড়খালী এলাকার মালেক মণ্ডলের ছেলে ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য হাসিজল (৪৫), সোহরাব আলীর ছেলে হাফিজুর (২৯) এবং মরহুম রওশন আলীর ছেলে নায়েব আলী (৫০)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবর দিবাগত রাত দেড়টার দিকে চর জোড়খালী এলাকায় নায়েব আলীর বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ওই বাড়িতে বসা জুয়ার আসর থেকে চারজনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে নগদ টাকা, একাধিক বান্ডিল তাসসহ জুয়া খেলার সরঞ্জাম জব্দ করা হয়েছে।

পুলিশ আরো জানায়, গ্রেফতার হামিদুর রহমান ও হাসিজলকে নাশকতার মামলাতেও গ্রেফতার দেখানো হয়েছে।

ওসি স্নেহাশীষ রায় বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে চারজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা হয়েছে। মঙ্গলবার বিকেলে তাদের জামালপুর আদালতে সোপর্দ করা হয়েছে।’