
গাজীপুরের টঙ্গীতে ফোন করে ডেকে নিয়ে নজরুল ইসলাম জয় (২২) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে টঙ্গী রেলস্টেশনের এলাকায় রেললাইনের কাছে এ হামলার ঘটনা ঘটে।
জয় টঙ্গীর ব্যাংকের মাঠ এলাকার মরহুম সিরাজুল ইসলামের ছেলে।
নিহতের পরিবারের দাবি, স্থানীয় মাদককারবারিদেরর সাথে বিরোধের কারনে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে , রাত ১১টার দিকে ফোন করে জয়কে বাসা থেকে ডেকে নেয়ার পর টঙ্গী রেলস্টেশনের এলাকায় রেললাইনের কাছে তাকে কুপিয়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করা হলেও শেষ পর্যন্ত তার মৃত্যু হয়।
স্বজনদের অভিযোগ, রাতে হাসান হোসেন নামে এক ব্যক্তি ফোন করে জয়কে বাসা থেকে ডেকে নিয়ে যান। পরে টঙ্গী রেলস্টেশনের এলাকায় রেললাইনের কাছে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। হামলাকারীরা তাকে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত জয়কে উদ্ধার করে হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
নিহতের মা শিউলি জানান, স্থানীয় মাদককারবারির সাথে জড়িত লাকি ও তার সহযোগীদের সাথে বিরোধের জেরেই তার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন।
টঙ্গী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ জয়নাল জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত শুরু হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে। মামলা হলে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
পুলিশের জানিয়েছে, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ, কারা এ ঘটনায় জড়িত এবং হত্যার আগে ও পরে সংশ্লিষ্ট ব্যক্তিদের গতিবিধি-সবকিছুই তদন্ত করে দেখা হচ্ছে। পরিবারের দেয়া তথ্যও তদন্তের অংশ হিসেবে যাচাই করা হবে।
_GDN_970x90px_English.gif&w=2048&q=75)








