
নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাসের সিলিন্ডার বিক্রির অভিযোগে ঢাকার ধামরাইয়ে দুই ডিলারকে মোট দুই লাখ টাকা জরিমানা করেছেন উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) উপজেলার বাথুলী ও বারবাড়ীয়া এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
অভিযানে উপজেলার বাথুলীর আনোয়ার এন্টারপ্রাইজকে এক লাখ টাকা এবং বারবাড়ীয়ার সেলিম এন্টারপ্রাইজকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল মামুনের ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন। এ সময় নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করা হচ্ছে কি না, তা তদারকি করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ভোক্তাদের কাছ থেকে অতিরিক্ত মূল্য নেয়ার বিষয়টি প্রশাসনের নজরে আসার পর অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় দুই ডিলারের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়।
এ সময় ব্যবসায়ীদেরকে নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি এবং ভোক্তাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ না নেয়ার বিষয়ে সতর্ক করা হয়।
ইউএনও আল মামুন জানান, ‘ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। নির্ধারিত মূল্যের বাইরে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’









