
কিশোর গ্যাং ও অপরাধপ্রবণতা রোধে শিক্ষার্থীদের খেলাধুলা, বিতর্ক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে বেশি করে সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।
তিনি বলেন, ‘লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে খেলাধুলা, বিতর্ক ও সাংস্কৃতিক কার্যক্রম বাড়ানো গেলে শিক্ষার্থীদের মেধা ও মনন বিকশিত হবে। একই সাথে তারা কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকবে।’
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে আনোয়ারা উপজেলার উপকূলীয় আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষাসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অভিভাবকদের উদ্দেশে মাহবুবের রহমান শামীম বলেন, ‘সন্তান নিয়মিত বিদ্যালয়ে যাচ্ছে কি না, পড়াশোনায় মনোযোগী কি না— সেদিকে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও নজর রাখতে হবে। সন্তানদের শিক্ষার বিষয়ে অভিভাবকদের সরাসরি দায়িত্বশীল হতে হবে। বর্তমানে অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে বিতর্ক, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের আয়োজন কমে যাওয়ায় শিক্ষার্থীদের একটি অংশ বিপথে যাচ্ছে।’
নিজের ছাত্রজীবনের স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘তার সময়ে নিয়মিত বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হতো। ‘বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ’, ‘বর্ষাকাল আশীর্বাদ না অভিশাপ’ ও ‘নারী শিক্ষার প্রয়োজনীয়তা’সহ বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীরা বিতর্কে অংশ নিতেন।’
দেশের বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে শামীম বলেন, ‘ব্যাপক জন-আকাঙ্ক্ষা নিয়ে বর্তমান সরকার গঠিত হয়েছে। জনগণ আস্থা রেখে বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। এই দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করতে হবে। পাশাপাশি দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা জনগণকে সাথে নিয়ে মোকাবিলা করতে হবে।’
তিনি বলেন, ‘জনগণকে সাথে নিয়ে শান্তিপূর্ণভাবে রাজপথে অবস্থানের মাধ্যমে দেশের পক্ষে থাকা শক্তিকে ঐক্যবদ্ধ করে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলা করা হবে।’
শামীম আরো বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে যাচ্ছে। জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করার পাশাপাশি সরকার শিক্ষা ও স্বাস্থ্য খাতকে গুরুত্ব দিচ্ছে। এসব খাতে বরাদ্দ বৃদ্ধির মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন, শিক্ষক-শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং স্বাস্থ্যসেবার পরিধি সম্প্রসারণের সুযোগ তৈরি হয়েছে।’
তিনি সরকারের এসব উদ্যোগের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে সংশ্লিষ্টদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক সিরাজ উদ্দীন আজাদের সঞ্চালনায় এবং বিদ্যালয়ের সভাপতি মেজবাহ উদ্দীন চৌধুরী জাহেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন তরুণ রাজনীতিবিদ শাহওয়াজ জামাল নিজাম সনি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন এভারেস্টজয়ী ডা: বাবর আলী, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর ব্যক্তিগত কর্মকর্তা শহীদুজ্জামান এবং বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সোমা চক্রবর্তী।









