
ফেনীর সোনাগাজীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে কাঙ্ক্ষিত জনগুরুত্বপূর্ণ মুসাপুর রেগুলেটর প্রকল্পসহ দুটি প্রকল্প একনেক সভায় অনুমোদন পাওয়ায় সোনাগাজীর দল-মত নির্বিশেষে সবার মাঝে বাঁধভাঙা উল্লাস দেখা দিয়েছে।
এর প্রভাব সামাজিক যোগাযোগমাধ্যমে বেশি দেখা যাচ্ছে। অনেকেই এসব কাঙ্ক্ষিত প্রকল্প অনুমোদন পাওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ও পরিবেশ ও জলবায়ু মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টুকে ধন্যবাদ দিচ্ছেন এবং অনেকে ‘আলহামদুলিল্লাহ’ বলে পোস্ট করছেন।
প্রধানমন্ত্রী আগামী ১ অক্টোবর ফেনী সফরের পূর্বে এ ধরনের দাবি পূরণে প্রকল্প অনুমোদন হওয়ায় জনগণের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) আজ মোট ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকা ব্যয়সংবলিত ১৩টি প্রকল্প অনুমোদন দিয়েছে। এর মধ্যে সোনাগাজীর দুটি প্রকল্প রয়েছে।
একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত সভায় এসব প্রকল্প অনুমোদন দেয়া হয়।
সভায় ফেনীর সোনাগাজীর অনুমোদিত প্রকল্পগুলো হলো, পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে ‘মুসাপুর রেগুলেটর নির্মাণসহ ছোট ফেনী ও বামনী নদী অববাহিকায় সমন্বিত বন্যা ও নদী ব্যবস্থাপনা এবং নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন (অংশ-১)’ এবং অপরটি হলো বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনে ‘ফেনী জেলার সোনাগাজীতে সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের লক্ষ্যে ভূমি অধিগ্রহণ প্রকল্প’।
‘২৪-এর বন্যায় মুছাপুর রেগুলেটর পানির তোড়ে ভেঙে যাওয়ার পর থেকে সোনাগাজী, দাগনভূঞা ও কোম্পানীগঞ্জ—এই তিন উপজেলার বিস্তীর্ণ জনপদ নদীগর্ভে বিলীন হতে থাকে। ঘরবাড়ি, মসজিদ, মন্দির, ফসলি জমি, শিক্ষাপ্রতিষ্ঠান কিছুই রক্ষা পায়নি ভাঙনের কবল থেকে। ভাঙন ঠেকাতে জরুরি ভিত্তিতে পানি উন্নয়ন বোর্ড বিভিন্ন সময় জিওব্যাগ ফেলার মাধ্যমে ভাঙন ঠেকানোর প্রচেষ্টা অব্যাহত রাখলেও কাজের কাজ কিছুই হয়নি।
এই অবস্থায় দৈনিক নয়াদিগন্তসহ গণমাধ্যমগুলোতে বারবার সংবাদ পরিবেশনের পর প্রশাসনসহ সরকারের উচ্চপর্যায়ের টনক নড়ে। এরই প্রেক্ষিতে একাধিকবার পানিসম্পদ প্রতিমন্ত্রী এবং বন, পরিবেশ ও জলবায়ু মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু ভাঙনকবলিত এলাকা পরিদর্শনের পর এই প্রকল্প তৈরির কার্যক্রম শুরু হয়। প্রায় ৭শ’ ২০ কোটি টাকা এই প্রকল্পের ব্যয় নির্ধারণ করা হয়।
প্রকল্প অনুমোদন পাওয়ায় সাংবাদিক, বুদ্ধিজীবী, কলামিস্ট, সোনাগাজী সমিতি চট্টগ্রাম, ফেনী সমিতি চট্টগ্রাম এবং ফেনী ও সোনাগাজীর বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো প্রধানমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য, বন, পরিবেশ ও জলবায়ু মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টুকে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দনসহ শুভেচ্ছা জানাচ্ছেন।
সোনাগাজী উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঁইয়া বলেন, ‘জনগণের দাবির দুটি প্রকল্প একসাথে পাস হওয়ায় সোনাগাজীতে আনন্দের বন্যা বইছে। জনতার বাঁধভাঙা উল্লাস। মাননীয় প্রধানমন্ত্রীসহ বন, পরিবেশ ও জলবায়ু মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টুকে ধন্যবাদ জানিয়ে সবাই পোস্ট করছেন।’
উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবদীন বাবলু বলেন, ‘এই দুটি প্রকল্প ফেনীবাসীর প্রত্যাশিত ছিল। প্রধানমন্ত্রীর ফেনী আগমনের পূর্বে জনগুরুত্বপূর্ণ দুটি প্রকল্প অনুমোদন পাওয়ায় আমরা আনন্দিত। আমাদের আরেকটি বড় দাবি রয়েছে—ফেনী মেডিকেল কলেজ হাসপাতাল। সেটি পূরণ হলে এই মুহূর্তে আর বড় কোনো প্রকল্পের ফেনীবাসীর চাহিদা নেই।’
সোনাগাজী সমিতি চট্টগ্রামের সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউল হক শিমুল বলেন, ‘আমরা আনন্দিত। সোনাগাজী উপজেলাসহ তিন উপজেলাকে ছোট ফেনী নদীর ভাঙনের কবল থেকে রক্ষার জন্য জনগুরুত্বপূর্ণ বিবেচনায় প্রকল্পটি অনুমোদন পাওয়ায় দেশনায়ক তারেক রহমান ও বন, পরিবেশ ও জলবায়ু মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টুকে ফেনী সমিতি চট্টগ্রামের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি।’









