ফিশিং বোট, বাংলাদেশ কোস্ট গার্ড, ইঞ্জিন বিকল
ভাসতে থাকা 'এফভি রিফাত' নামের একটি ফিশিং বোটসহ ১৩ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। সংগৃহীত

কক্সবাজারের সেন্টমার্টিনের দক্ষিণে গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা 'এফভি রিফাত' নামের একটি ফিশিং বোটসহ ১৩ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। 

Advertisement

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন গণমাধ্যমে দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। 

বিজ্ঞপ্তিতে তিনি জানান, গত ২৫ সেপ্টেম্বর এফভি রিফাত নামক একটি ফিশিং বোট ১৩ জন জেলেসহ টেকনাফ থেকে মাছ ধরার উদ্দেশে সমুদ্রে যায়। পরে গতকাল সোমবার বিকেল ৪টার দিকে মাছ আহরণ শেষে পোতাশ্রয়ে ফেরার সময় বোটটি ইঞ্জিন বিকল হয়ে সেন্টমার্টিনের দক্ষিণে গভীর সমুদ্রে ভাসতে থাকে। এসময় ওই বোটে থাকা একজন জেলে কোস্ট গার্ড জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল করে সহায়তা চাইলে বিষয়টি কোস্ট গার্ড অবগত হয়।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তৎক্ষণাৎ গভীর সমুদ্রে টহলে নিয়োজিত জাহাজ বিসিজিএস সৈয়দ নজরুল কর্তৃক একটি উদ্ধার অভিযান পরিচালনা করে সেন্টমার্টিন দ্বীপ থেকে ১২ নটিক্যাল মাইল দক্ষিণ সাগর উপকূল থেকে বিকল হওয়া বোটসহ ১৩ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়। 

উদ্ধারকৃত জেলেদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার দেয়া হয় এবং আজ মঙ্গলবার দুপুরে টেকনাফে বোটসহ মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয়।