
পরিবেশের ভারসাম্য রক্ষা এবং শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে খুলনার ডুমুরিয়ার কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ, ক্রীড়া সামগ্রী বিতরণ ও লাইব্রেরি স্থাপন করা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে শাহপুর মাধ্যমিক বিদ্যালয়ে এ কর্মসূচি বাস্তবায়ন করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) সাবেক মহাপরিচালক প্রফেসর বিএম আব্দুল হান্নান। এ সময় শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে ফুটবল, ভলিবল, নেট, জার্সি, ক্রিকেট সামগ্রী, রিং ও দাবাসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী তুলে দেয়া হয়। পাশাপাশি বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়।
শাহপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি এস এম রবিউল ইসলাম বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তফা রফিকুল ইসলাম, অভিভাবক সদস্য একেএম জাফর ইকবাল, সিনিয়র শিক্ষক মো. ইউনুস আলী, শেখ সাইদুল হক মিন্টু, বিধান চন্দ্র বিশ্বাস, এম এম ফরহাদ হোসেন, মলয় কুমার দেবনাথ ও দিবাকর সরকার।
এর আগে রঘুনাথপুর মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন প্রফেসর বিএম আব্দুল হান্নান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুন্নেসা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সহকারী প্রধান শিক্ষক প্রতাপ চন্দ্র, আ. রাজ্জাক ও আ. জলিল।
এদিকে সোমবার উপজেলার আন্দুলিয়া স্পোর্টিং ক্লাব, আন্দুলিয়া কাদেরিয়া দাখিল মাদ্রাসা ও আন্দুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিনিধিদের হাতে বিভিন্ন ক্রীড়া সামগ্রী তুলে দেয়া হয়। একই সাথে আন্দুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন একটি লাইব্রেরি স্থাপন করা হয়েছে।
আন্দুলিয়া কাদেরিয়া দাখিল মাদরাসায় আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাদ্রাসার সুপার মো. খায়রুল আলম। বক্তব্য দেন প্রতিষ্ঠানের সহকারী সুপার ও সাংবাদিক মো. আনোয়ার হোসেন আকুঞ্জী, আন্দুলিয়া স্পোর্টিং ক্লাবের সভাপতি এ এম জিয়াউর রহমান টিটু, সহকারী শিক্ষক হাফিজুর রহমান, হাবিবা খাতুন, মনিরা খাতুন, এস এম আলাউদ্দিন, সামরুল ইসলাম, নূরুল ইসলাম, শিবেন্দু মণ্ডল, জাহাঙ্গীর আলম, সাইফুল্লাহ, বাদশা আব্দুল কাইয়ুম, জি এম হেলাল ও রুহুল কুদ্দুসসহ সংশ্লিষ্টরা।
আন্দুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত লাইব্রেরির জন্য দুটি আলমারি ও ১৩৫টি বই প্রদান করেন প্রফেসর বিএম আব্দুল হান্নান। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রিনিয়াজ পারভীন। উপস্থিত ছিলেন মাওলানা খায়রুল আলম, সাংবাদিক আনোয়ার হোসেন আকুঞ্জী, শিক্ষক জি এম মহাসীন, আমিনা বেগম, অরূপ কুমার মল্লিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
প্রফেসর বিএম আব্দুল হান্নান বলেন, তথ্যপ্রযুক্তির এই যুগে শিক্ষার্থীদের মোবাইল আসক্তি কমিয়ে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও বই পড়ার সুযোগ তৈরি করা জরুরি। খেলাধুলা ও বই পড়া শিক্ষার্থীদের মেধা, মনন এবং শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সাথে বৃক্ষরোপণের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশের প্রতি দায়িত্ববোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।









