
সিলেট সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাইপণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৮ বিজিবি)।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভোরে সীমান্ত এলাকা থেকে এসব পণ্য জব্দ করা হয়।
বিজিবি সূত্র জানিয়েছে, সোমবার দিবাগত রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির দায়িত্বাধীন বাংলাবাজার, লাফার্জ, বিছনাকান্দি, শ্রীপুর, প্রতাপপুর ও তামাবিল বিওপির সদস্যরা পৃথক অভিযান পরিচালনা করেন। অভিযানে ভারতীয় গরু, মদ, শাড়ি, জিরা, চকলেট ও মোটরসাইকেলসহ বিভিন্ন চোরাইপণ্য জব্দ করা হয়। জব্দকৃত চোরাইপণ্যের আনুমানিক বাজারমূল্য ৭১ লাখ ৩৩ হাজার ৯৮০ টাকা।
চোরাইপণ্য জব্দের সত্যতা নিশ্চিত করে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: নাজমুল হক জানান, সীমান্তে সার্বিক নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ চোরাইপণ্য জব্দ করা সম্ভব হয়েছে। জব্দকৃত পণ্যের বিষয়ে আইন ও প্রচলিত বিধি মোতাবেক পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধিন।









