
গাজীপুরের টঙ্গীতে পূর্বশত্রুতা ও আধিপত্য বিস্তারের জেরে জয় (২৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে টঙ্গী স্টেশন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জয় টঙ্গীর ব্যাংক মাঠ বস্তি এলাকার সিরাজুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, সোমবার রাতে বাসায় ফিরছিলেন জয়। এ সময় কয়েকজন যুবক তার পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা বিষয়টি টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়িতে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। পরে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পূর্বশত্রুতা ও আধিপত্য বিস্তারের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ। হত্যার প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে।
টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) নূর আলম হোসেন জানান, ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে। ফুটেজের মাধ্যমে হত্যার সাথে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
তিনি জানান, এ ঘটনায় ঢাকার কমলাপুর রেলওয়ে থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।









