
রংপুরের মিঠাপুকুর থেকে ৮৮ গ্রাম হিরোইন সহ দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৩)।
সোমবার বিকেলে মিঠাপুকুরের পায়রাবন্দের ইসলামপুরের প্রাণ ডেইরি হাবের সামনে রংপুর-ঢাকা মহাসড়কে একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে তাদের গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ৮৮ গ্রাম হিরোইন জব্দ করা হয়।
গ্রেফতাররা হলেন রংপুর মহানগরীর তাজহাট হানার লালবাগ চুড়িপট্টি এলাকার আব্দুর রহমানের স্ত্রী মোছা জোসনা (৩৫) ও রাজশাহীর গোদাগাড়ি উপজেলার মরহুম রেজাউল করিমের স্ত্রী বেহুলা বেগম (৩৫)।
এসআরবি-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী জানান, এই ঘটনায় এসআরবি আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মিঠাপুকুর থানায় মামলা দায়ের করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থাগ্রহণের জন্য জব্দকৃত আলামতসহ গ্রেফতারদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন থেকে মাদককারবারের সাথে জড়িত বলে জানিয়েছেন। তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। সেগুলো যাচাই-বাছাই করে অভিযান অব্যাহত থাকবে।









