সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, ভিসি
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ শফি উল্লাহ মজুমদার।। নয়া দিগন্ত

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার এক্সটেনশন অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ শফি উল্লাহ মজুমদার।

Advertisement

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে এই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব মো: সুলতান আহমেদ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলর সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার এক্সটেনশন ও ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ শফি উল্লাহ মজুমদারকে চার বছরের জন্য সিকৃবির ভিসি হিসেবে নিয়োগ দিয়েছেন।

নতুন ভিসি বর্তমানে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার এক্সটেনশন অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন।

প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, ভিসি হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন এবং আইন অনুযায়ী নির্ধারিত অন্য দায়িত্বও পালন করবেন।

এর আগে ২০২৪ সালের ১৭ অক্টোবর সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে নিয়োগ পেয়েছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. মো: আলিমুল ইসলাম।

তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে পদত্যাগের দাবিতে গত দুই সপ্তাহ ধরে বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করে আসছিলেন বিএনপিপন্থী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের একটি অংশ।

এর মধ্যেই নতুন ভিসি হিসেবে অধ্যাপক ড. মুহাম্মদ শফি উল্লাহ মজুমদারের নিয়োগের প্রজ্ঞাপন এলো।