
সিলেটের জৈন্তাপুরে সাফরি নদীর পাড়ে অভিযান চালিয়ে থানা থেকে লুট হওয়া থ্রি-নট-থ্রি রাইফেলের ১১১ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। এ সময় পরিত্যক্ত অবস্থায় দু’টি রাইফেল ম্যাগজিন ও দু’টি হ্যান্ড গ্রেনেডও উদ্ধার করা হয়। তবে এ সময় সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।
সোমবার (২৮ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন এসআরবি-৯-এর গণমাধ্যম কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।
এসআরবি সূত্র জানিয়েছে, রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৯, সদর কোম্পানি সিলেটের একটি দল জৈন্তাপুর থানার বাউরভাগ মল্লিফৌদ গ্রামে সাফরি নদীর পাড়ে ব্যাপক তল্লাশি চালিয়ে এসব আলামত উদ্ধার করে। উদ্ধার করা দু’টি হ্যান্ড গ্রেনেড বিস্ফোরক দ্রব্য হওয়ায় বিধি অনুযায়ী বোমা ডিসপোজাল ইউনিট দিয়ে সেগুলো ধ্বংস করা হয়েছে। অন্য আলামতগুলো পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জিডিমূলে জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
উদ্ধার হওয়া লুটের অস্ত্র ও গোলাবারুদের সাথে কারা জড়িত, তা খতিয়ে দেখতে এসআরবি-৯-এর তদন্ত কার্যক্রম চলছে। একইসাথে লুট হওয়া অস্ত্র-গোলাবারুদ উদ্ধারে গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।








