নগরবাসীর সেবা সহজ করতে কুসিকের ‘আমার কুমিল্লা’ অ্যাপের উদ্বোধন
নগরবাসীর সেবা সহজ করতে কুসিকের ‘আমার কুমিল্লা’ অ্যাপের উদ্বোধন। নয়া দিগন্ত

নগরবাসীর নাগরিক সেবা আরো সহজ ও দ্রুত করতে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) চালু করেছে ‘আমার কুমিল্লা’ নামে একটি নাগরিক সেবা অ্যাপ। এর মাধ্যমে ঘরে বসেই নগরের বিভিন্ন সমস্যা ও নাগরিক সেবা-সংক্রান্ত অভিযোগ সিটি করপোরেশনকে জানাতে পারবেন নগরবাসী।

Advertisement

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা জেলা শিল্পকলা অ্যাকাডেমি প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে অ্যাপটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুমিল্লার জেলা প্রশাসক (ডিসি) রোজী আক্তার, পুলিশ সুপার (এসপি) মো: আনিসুজ্জামান, কুসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন, সচেতন নাগরিক কমিটির (সনাক) কুমিল্লার সাবেক সভাপতি শাহ মোহাম্মদ আলমগীর খানসহ অতিথিরা।

উদ্বোধনী অনুষ্ঠানে কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, ‘কিউআর কোড স্ক্যান করে মোবাইলফোনে ‘আমার কুমিল্লা’ অ্যাপটি ডাউনলোড করা যাবে। অ্যাপটির মাধ্যমে নগরবাসী তাদের এলাকার বিভিন্ন সমস্যা, নাগরিক দুর্ভোগ ও অভিযোগের তথ্য সরাসরি সিটি করপোরেশনকে জানাতে পারবেন।’

তিনি বলেন, ‘কোনো সমস্যা বা অভিযোগ পাওয়ার পর তা দ্রুত সমাধানে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। দায়িত্ব পালনে কোনো কর্মকর্তা বা সংশ্লিষ্ট ব্যক্তি ব্যর্থ হলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।’

তিনি আরো বলেন, ‘প্রযুক্তিনির্ভর এ উদ্যোগের মাধ্যমে নাগরিকদের সাথে সিটি করপোরেশনের যোগাযোগ আরো সহজ হবে। পাশাপাশি নগরের বিভিন্ন সমস্যা দ্রুত চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার সুযোগ তৈরি হবে।’